নড়াইলে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে একজনকে গ্রেপ্তার করছে পুলিশ। সোমবার (৮ আগস্ট) সকালে জেলার লোহাগড়া উপজেলার পারশালনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিন সন্ধ্যায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম কাজী তারিকুল ইসলাম। তিনি লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক।
মামলার বিবরণ থেকে জানা যায়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা তারিকুল ইসলাম তার ফেসবুক আইডিতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালাগাল করেন।
আরও পড়ুন: আগামী নির্বাচনে আমাদের দৃষ্টিতে আছে: জ্বালানি প্রতিমন্ত্রী
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে কাজী তারিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একাত্তর/এসি