কলেজছাত্রী অপহরণের অভিযোগ ধুনট ছাত্রলীগ সম্পাদকের বিরুদ্ধে

বগুড়ার ধুনটের এক কলেজ ছাত্রীকে নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের (৩০) বিরুদ্ধে। 

এ ঘটনায় সোমবার (৮ আগস্ট) রাতে ওই ছাত্রীর বাবা ধুনট থানায় আবু সালেহ স্বপনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। চলছে অপহরণ মামলা দায়েরের প্রস্তুতি। 

আবু সালেহ স্বপন ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং তিনি ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।

থানা সূত্রে জানা যায়, ধুনট সদরপাড়া এলাকার জনৈক এক ব্যবসায়ীর মেয়ে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। সোমবার বিকালে মেয়েটি তার বাড়ির পাশেই সরকারপাড়া রোডে হাঁটতে বের হয়। এসময় ছাত্রলীগ নেতা আবু সালেহ স্বপন মেয়েটিকে মোটরসাইকেলে তুলে নিয়ে উধাও হয়ে যায়।

ধুনট সদরপাড়া এলাকার বাসিন্দা ওই ছাত্রীর বাবা বলেন, তার মেয়ের সঙ্গে স্বপনের পূর্বের কোন সম্পর্ক ছিল না। স্বপন তার মেয়েকে মোটরসাইকেলে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। তাই এ বিষয়ে আবু সালেহ স্বপনের বিরুদ্ধে থানায় জিডি করেছেন এবং অপহরণ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। 

এ ব্যাপারে আবু সালেহ স্বপনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আবু সালেহ স্বপনসহ পাঁচ জনকে আসামী করে অপহরণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


একাত্তর/জো