দোহারে নদীতে ডুবে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

ঢাকার দোহারে নদীতে ডুবে নিখোঁজের তিন ঘণ্টা পর এক কিশোরের মর‌দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

নিহত রনি (১২) মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মৃত সিরাজ খানের ছেলে। 

বুধবার (১০ আগস্ট) বউবাজার টানা ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচদিন আগে দোহারের বউবাজার এলাকায় চাচার বাড়িতে বেড়াতে আসে রনি। বুধবার দুপুরে বউবাজার টানা ব্রিজের নিচে স্থানীয় বন্ধুদের সাথে গোসল করতে যায় সে। 

এসময় বন্ধুদের সাথে ব্রিজে উঠে নদীতে লাফ দেয় রনি। তবে সবাই তীরে উঠতে পারলেও রনি পানিতে তলিয়ে গেলে তার বন্ধুরা রনির চাচার বাড়িতে খবর দেয়। 

স্থানীয়রা রনিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে তার সন্ধান না পেয়ে দোহার ফায়ার সার্ভিসকে খবর দেয়। 

আরও পড়ুন: ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

পরে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টা চেষ্টার পর টানা ব্রিজের সামনে পানির নিচ থেকে রনির লাশ উদ্ধার করে।

দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার জানান, মরদেহটি স্থানীয় জনপ্রতিনিধি ও দোহার থানা পুলিশের উপস্থিতিতে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/এসজে