গাজীপুরের বড়বাড়ি বগারটেক এলাকায় প্রাইভেট কারের ভেতর থেকে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে ওই দম্পতির বাসা থেকে এক কিলোমিটার দূরে বগাটেক এলাকায় রাস্তার পাশে তাদের ছেলে গাড়িটি দেখতে পায়। পরে তিনি বাবা-মাসের নিথর দেহ দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে।
স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, নগরের টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রী টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী ইংরেজি বিভাগের শিক্ষিকা মাহমুদা আক্তার জলি।
পুলিশ জানায়, বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় স্কুল থেকে প্রধান শিক্ষক জিয়াউর রহমান তার স্ত্রীকে নিয়ে নিজেদের প্রাইভেট কারে বের হন। সন্ধ্যায় নিহতের ছেলে মেরাজের সঙ্গে মোবাইল ফোনে সর্বশেষ তাদের কথা হয়। এরপর দুইজনেরই মোবাইল সংযোগ বন্ধ পাওয়া যায়।
রাত গভীর হলেও ওই দম্পতি ফিরে না আসায় স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে এবং পুলিশে খবর দেয়।
পরে আজ সকালে বাসা থেকে এক কিলোমিটার দূরে বগাটেক এলাকায় রাস্তার পাশে খুঁজতে গিয়ে ছেলে মেরাজ গাড়ির ভেতর তার বাবা-মায়ের নিথর দেহ দেখতে পান।
আরও পড়ুন: মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় আগুন
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দলাল জানান, মরদেহ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাহাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/আরএ