রুদ্রপুর সীমান্তে দুই কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

যশোরের শার্শায় এক কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০ টার দিকে শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। 

আটক পাচারকারী মোনতাজ হোসেন (৪৫) পুটখালী গ্রামের মৃত দ্বীন মোহাম্মাদের ছেলে। আটককৃতের ছেলের তথ্য মতে উদ্ধারকৃত স্বর্ণ পুটখালী গ্রামের স্বর্ণ ব্যবসায়ী নাছিরের ভাই জসিমের।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন খবর পেয়ে রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন ওই এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৭টি স্বর্ণবার জব্দ করা হয় যার ওজন এক কেজি ৯৮৫ গ্রাম এবং যার বাজারমূল্য প্রায় এক কোটি ৬০ লক্ষ টাকা। 

উদ্ধারকৃত স্বর্ণসহ আটক আসামি মোনতাজকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা। 


একাত্তর/জো