ডুবে যাওয়া ১১ ট্রলারের ১৭৩ জেলে উদ্ধার, এখনও নিখোঁজ ১৩৭

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরের বিভিন্ন মোহনায় ১১টি ট্রলার ডুবিতে নিখোঁজ ১৭৩ জেলে উদ্ধার হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে সাতটি ট্রলারসহ ১৩৭ জন জেলে। 

শনিবার (২০ আগস্ট) রাতে সুন্দরবনসহ সাগরের বিভিন্ন মোহনা থেকে জেলে, বন বিভাগ ও কোস্টগার্ডের সহায়তায় নিখোঁজ জেলেদের উদ্ধার করে মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়েছে।

এছাড়া সাগরে ঝড়ের তোড়ে এফবি স্বাধীন ট্রলার ডুবে ভাসতে ভাসতে ভারতে চলে যায় ট্রলারের ১১ জেলে। তারা বর্তমানে ভারতে রয়েছে। আলীপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি ও কোস্টগার্ড বিষয়টি নিশ্চিত করেছে।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ঝড়ো বাতাসে উত্তাল সাগরের ঢেউয়ের তোড়ে ডুবে যায় এফবি মামনি-৩, এফবি সাইফুল, এফবি আল মামুন, এফবি আশরাফুল, এফবি নুর বানু, এফবি মা কুলসুম, এফবি স্বাধীন, এফবি মায়ের দোয়া, এফবি মামনি-২, এফবি রফু ও এফবি ইয়াসমিন। এই ১১ ট্রলারের ১৭৩ জেলে শনিবার উদ্ধার হলেও খুঁজে পাওয়া যাচ্ছে না দুই জেলেকে।

এদিকে, গত তিনদিনেও সন্ধান মেলেনি সাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ এফবি আবদুল্লাহ, এফবি মায়ের দোয়া, এফবি রকিবুল, এফবি ওবায়দুল, এফবি জলিল, এফবি আলী হোসেন, এফবি মায়ের দোয়া ট্রলারসহ এসব ট্রলারের ১৩৭ জেলের। তিনদিনেও তাদের সন্ধান না পাওয়ায় এসব পরিবারে কান্নার রোল পড়ে গেছে। নিখোঁজ জেলের স্বজনরা সাগরে ও বিভিন্ন মৎস্য কেন্দ্রে খুঁজে বেড়াচ্ছে আপনজনদের।

আরও পড়ুন: ষড়যন্ত্রকারীরা আবারও আঘাতের প্রস্তুতি নিচ্ছে

কুয়াকাটা-আলীপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, নিখোঁজ জেলে ও ট্রলারের সন্ধানে রোববারও (২১ আগস্ট) উদ্ধার অভিযান পরিচালনা করবেন তারা। এছাড়াও তারা ভারতে আশ্রয় নেয়া ১১ জেলেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি করছেন সরকারের কাছে।

কোষ্টগার্ড নিজামপুর স্টেশনের কর্মকর্তারা জানান, জেলেদের সাথে তারাও উদ্ধার কাজ পরিচালনা করছেন। উদ্ধার জেলেদের অনেকেই রাতেই তাদের নিজ এলাকায় ফিরে গেছেন স্বজনদের কাছে। তাদের বাড়ি পটুয়াখালীর বিভিন্ন উপজেলাসহ নোয়াখালী, কক্সবাজার। 

নিখোঁজ জেলেদের সন্ধান না পাওয়া পর্যন্ত সাগরে উদ্ধার অভিযান চলবে বলেও জানান তারা।


একাত্তর/জো