কক্সবাজারে ভেসে এলো আরও তিন জেলের মরদেহ

উত্তাল সমুদ্রে ডুবে যাওয়া ট্রলারের আরও তিন জেলের মরদেহ ভেসে এসেছে কক্সবাজারে। এ নিয়ে এখন পর্যন্ত পাঁচ জেলের মরদেহ উদ্ধার হলো।

রোববার (২১ আগস্ট) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন তিন জেলে। এর আগে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের পূর্ব হামজার ডেইল গ্রামের হোসেন আহমদ, আবছার ও একই ইউনিয়নের মামুনপাড়ার আজিজুল হক। 

শুক্রবার (১৯ আগস্ট) বৈরি আবহাওয়ায় কক্সবাজারে ১৯ জেলেসহ ডুবে যায় ফিশিং ট্রলার এফবি মায়ের দোয়া। 

সকাল থেকে বাঁশখালী নদীর পাড়ে অপেক্ষা করছিলেন ওই ট্রলারের নিখোঁজ জেলে আনোয়ারের স্ত্রী জেসমিন। কোলে তার ফুটফুটে দুই বছরের শিশু সন্তান। জানেন না তারা, কোথায় আছেন আনোয়ার। 

জেসমিনের মতো খুরুশকুলের মনুপাড়া বাঁকখালী নদীর পাড়ে নিখোঁজ ছয় জেলের পরিবারের স্বজনদের আর্তনাদ চলছিল সকালে। এর কিছুক্ষণ পর একে একে নদীর তীরে আসতে থাকে মরদেহ। 

খুরুশকুলের আশ্রয়ন প্রকল্পের বাঁধে এখনও নিখোঁজ জেলেদের অপেক্ষায় রয়েছে তাদের পরিবারসহ এলাকার শত শত মানুষ।

বেঁচে আসা মাঝিরা জানিয়েছেন, সাগরের নাজিরারটেক মোহনায় যেখানে ধাক্কা লেগে ফিশিং ট্রলার দুর্ঘটনা ঘটেছে, সেখানে জেগেছে চর। 

আরও পড়ুন: ডুবে যাওয়া ১১ ট্রলারের ১৭৩ জেলে উদ্ধার, এখনও নিখোঁজ ১৩৭

তবে জেলেদের অভিযোগ, সাগরে খারাপ আবহাওয়ার পূর্বাভাস পান না তারা। আর তিনদিন ধরে কক্সবাজার আঞ্চলিক আবহাওয়া অফিসের ল্যান্ডফোনটি বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা। 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, ভেসে আসা জেলেদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের সহায়তা বাকি নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। 


একাত্তর/এসজে