ঝালকাঠিতে বিদ্যুতের খুঁটিতে তার লাগাতে গিয়ে সেইফটি বেল্ট ছিঁড়ে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শ্রমিক জামাল মোল্লা (৩৫) বরগুনার হেউলিবুনিয়া গ্রামের সুলতান আহম্মেদের ছেলে। তিনি বরগুনার ঠিকাদার রফিকুল ইসলামের সাথে ঝালকাঠি শহরে আসেন বিদ্যুতের খুঁটিতে নতুন তার লাগানোর কাজে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় বিদ্যুতের খুঁটিতে তার লাগানোর সময় সেফটি বেল্ট ছিঁড়ে নিচে পড়ে যায় জামাল। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মেহেদী হাসান জানান, বিদ্যুতের খুঁটি থেকে নিচে পড়ায় জামালের মাথায় গুরুতর আঘাত লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ডুবে যাওয়া ১১ ট্রলারের ১৭৩ জেলে উদ্ধার, এখনও নিখোঁজ ১৩৭
ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একাত্তর/জো