নামী-দামী ব্র্যান্ডের নাম করে নিম্নমানের চাল বাজারজাতকরণ করে ক্রেতাদের প্রতারিত করছে একটি অসাধু চক্র।
মঙ্গলবার (২৩ আগস্ট) চট্টগ্রামের বৃহৎ চালের বাজার চাক্তাই চাউলপট্টিতে অভিযান চালিয়ে এর প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগের সত্যতা মেলায় এ সময় 'আল্লার দান' নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
দিনে-দুপুরে চালের বাজারে যেন তুঘলকি কাণ্ড! বিশাল চালের এই মোকামে থরেথরে সাজানো নামী-দামী সব ব্র্যান্ডের প্যাকেটের আড়ালে নিম্নমানের চাল। বাইরে থেকে বোঝার কোন উপায় নেই। তারপরও এই প্রমাণ পেলো ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুরসহ বিভিন্ন জায়গার নামী ব্র্যাণ্ডের প্যাকেটে বাজারজাত হচ্ছিলো এইসব চাল।
এছাড়া অনিয়ম পাওয়ায় আরও একটি চালের মোকামকে ২০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মো. ফয়েজ উল্যাহ জানিয়েছেন, নিম্নমানের চাল নামী-দামী ব্রান্ডের নামে বেশি দামে বাজারজাত করে ভোক্তাদের প্রতারিত করলে কঠোর সাজা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অবশ্য চাউল ব্যবসায়ী নেতা ওমর আজম এবং আবু নোমান চৌধুরী লিটন বলছেন, বাইরের দেশ থেকে আমদানী করে আনা চালের বস্তা ফেটে যাওয়ায় তারা কিছু প্যাকেট বাজার থেকে কিনে এগুলো প্যাকেটজাত করছিল। যদিও অভিযানে এর কোন সত্যতা মেলেনি।
একাত্তর/ এনএ