কুতুবদিয়া চ্যানেলে ১৭ জেলে জীবিত উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল থেকে ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার (২৮ আগস্ট) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ আগস্ট 'এফবি মা-বাবার দোয়া-২' নামক একটি ফিশিং ট্রলার ভোলার তজমুদ্দিন এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। ইঞ্জিন বিকল হয়ে পড়লে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে।  

গত ২৭ আগস্ট দুপুরে বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা জাতীয় হেল্প লাইন ৯৯৯-এর মাধ্যমে কোস্টগার্ড পূর্ব জোনকে অবিহিত করেন। 

আরও পড়ুন: পেকুয়ায় পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

পরে কোস্টগার্ড কুতুবদিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদের নেতৃত্বে বিকেল সাড়ে ৪টায় ওই এলাকায় অভিযান চালিয়ে ১৭ জেলেকে জীবিত উদ্ধার করে।

কোস্টগার্ড জানিয়েছে, প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ শেষে ফিশিং বোটের মালিকের কাছে ট্রলার ও জেলেদের হস্তান্তর করা হয়। 


একাত্তর/এসজে