ছাত্রীনিবাস থেকে বেরোবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রংপুরে একটি ছাত্রীনিবাস থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কামারের মোড় এলাকার আজিজুল হক ছাত্রীনিবাসের নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শিক্ষার্থীর নাম শাহানাজ আক্তার মুন্নী। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দশম ব্যাচের একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। 

তিনি গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ঘাগোয়া গ্রামের শামছুল হুদার মেয়ে বলে জানা গেছে।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আশরতপুর ঈদগাহপাড়া কামারের মোড় এলাকার আজিজুল ছাত্রীনিবাসের দ্বিতীয় তলার ২০৪ নম্বর কক্ষে থাকতেন  শাহানাজ। 

সন্ধ্যার পর থেকে তার কক্ষ থেকে কোন সাড়াশব্দ না পাওয়ার রাত ৮টার দিকে অন্যান্য কক্ষে থাকা দুই-তিনজন শিক্ষার্থী তাকে ডাকতে যান। এসময় তার গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় শাহানাজের ঝুলন্ত মরদেহ দেখতে পান। 

আরও পড়ুন: গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার 

পরে মেস মালিক ও পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, বিষয়টিকে প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।


একাত্তর/এসজে