টাঙ্গাইলে একটি চালকলের থারমেক্স বয়লারের সাইলো ভেঙে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শ্রমিক।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন জানান, রোববার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলার গোপালপুর উপজেলার পৌর শহরের ডুবাইল এলাকার একতা এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেড নামে চাল কলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাঈমুল ইসলাম, আরিফুল ইসলাম ও আরিফুল ইসলাম। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে জানা গেছে।
ঘটনাস্থলে কর্মরত থাকা শ্রমিক দেলোয়ার হোসেন জানান, একতা এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেডের কর্তৃপক্ষ কয়েক দিন আগে অন্তত ৫০ কেজির ৪০০ বস্তা চাল ধারণক্ষমতার একটি সাইলো স্থাপন করেন। রোববার আনুমানিক রাত ৯টার দিকে ওই নতুন সাইলো থেকে চাল বস্তায় ভরার কাজ শুরু করা হয়। আমিসহ চার জন শ্রমিক চাল বস্তায় ভরা শুরু করি। বেশ কয়েকটি বস্তায় চাল ভরার করা পর বিকট শব্দ শুনতে পাই। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরেই দেখি আমি হাসপাতালে। আর আমার সাথে থাকা বাকি তিন জন হাসপাতালের মর্গে।
আরও পড়ুন: রংপুরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৯
এ ব্যাপারে গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন একাত্তর টেলিভিশনের সঙ্গে কথা বলতে রাজি হননি।
তবে তিনি সাংবাদিকদের জানান, নিহতদের লাশ ময়না তদন্ত শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
একাত্তর/এসি