ফার্মেসিতে মিলল গাঁজা-ইয়াবা, পল্লী চিকিৎসক গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরের একটি ফার্মেসি থেকে ২৫ গ্রাম গাঁজা ও ৫১ পিস ইয়াবাসহ এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চর মহিউদ্দিন বাজারের রাহাদ মার্কেটের একটি ফার্মেসি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মো. রুবেল (৩৩) উপজেলার চরজুবিলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর জিয়া গ্রামের মৃত ফারুকের ছেলে এবং ওই বাজারের পল্লী চিকিৎসক ও রুবেল ফার্মেসির মালিক।  

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় গোপন সংবাদেরভিত্তিতে পল্লী চিকিৎসক রুবেলের দোকান তল্লাশী করে একটি বালিশের নিচ থেকে ২৫ গ্রাম গাঁজা ও ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য পেয়ে তাৎক্ষণিক রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ থানায় নিয়ে যায়।  

আরও পড়ুন: আনুষ্ঠানিকভাবে পি কে হালদারের বিচার শুরু

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, পল্লী চিকিৎসক রুবেলের ফার্মেসি দোকান থেকে দুই পুরিয়া গাঁজ ও ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। 


একাত্তর/আরবিএস