রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল রাজশাহী শিক্ষা বোর্ড

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক রচনা প্রতিযোগিতার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী। প্রতিযোগিতায় চূড়ান্তভাবে বিজয়ীদের বিনামূল্যে বই দিয়ে করা হয় পুরস্কৃত।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে ৯ শিক্ষার্থী, ৫৮ মাধ্যমিক বিদ্যালয় ও ১৬টি কলেজের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়।

এছাড়া বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে প্রাইজমানি, সনদ ও বঙ্গবন্ধু রচিত বইসমূহ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ সেট বই উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রচনা প্রতিযোগিতা বিষয়ক আয়োজক কমিটির আহবায়ক জিয়াউল হক।

সভাপতির বক্তব্যে বোর্ড চেয়ারম্যান বলেন, একটি জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গড়তে হলে বঙ্গবন্ধুর জীবন থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে। তার নির্লোভ, সাহসী ও সংগ্রামী জীবন দর্শন নতুন প্রজন্মের জন্য অবশ্যই অনুকরণীয়।


তিনি তার বক্তব্যে শিক্ষকদের বঙ্গবন্ধুর জীবন চর্চার বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহী করে গড়ে তোলার আহবান জানান।


একাত্তর/আরএ