দলবদ্ধ ধর্ষণ মামলায় ১৮ বছর পর দুইজনের যাবজ্জীবন

ভোলার চরফ্যাশন উপজেলার আলোচিত দলবদ্ধ ধর্ষণ মামলায় ১৮ বছর পর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হাকিম নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চরফ্যাশন উপজেলার চরযমুনা গ্রামের মো. সেলিম ও একই উপজেলার চরনুরুল আমিন গ্রামের মো. নাসিম। খালাসপ্রাপ্তরা হলেন- চরনুরুল আমিন গ্রামের মো. বিল্লাল আরজন, চরযমুনা গ্রামের মো. বাবুল, মো. কালু ও মো. সামছুদ্দিন।

মামলার রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মো. নাসিমসহ পাঁচ আসামি আদালতে উপস্থিত থাকলেও দণ্ডপ্রাপ্ত অপর আসামি মো. সেলিম পলাতক ছিলেন। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ৬ জুন চরফ্যাশন উপজেলার চরনুরুল আমিন গ্রামের এক সংখ্যালঘু নারীকে সরকারি খাস জমি থেকে উচ্ছেদ করার জন্য রাতের বেলা ঘর থেকে একটি খোলা মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন কয়েকজন।

এ ঘটনার দুই দিন পর চরফ্যাশন থানায় একটি দলবদ্ধ ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলাটি দীর্ঘ শুনানির পর আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও বাকী চার আসামিকে বেকসুর খালাস প্রদান করেন। 

আরও পড়ুন: যাত্রী ধর্ষণের অভিযোগে বাস কাউন্টারের দুই কর্মচারী গ্রেপ্তার

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির। 

এদিকে, ন্যায়বিচার না পাওয়ায় আসামি মো. নাসিম উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল হক লিটু। 

একাত্তর/এসজে