চাঁপাইনবাবগঞ্জে আমপাড়া উৎসবের উদ্বোধন

জেলা প্রশাসনের উদ্যোগে চাপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিকভাবে আমপাড়া উৎসবের উদ্ধোধন করা হয়েছে।

শুক্রবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাইভ ম্যাংগো মিউজিয়ামের (রাজার বাগান) আমবাগানে রানীসমৃদ্ধি ও বৃন্দাবন জাতের আম পেড়ে এবছরের আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।

অনুষ্ঠানে অতিথিরা  বলেন, চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমের রাজধানী। চাঁপাইনবাবগঞ্জে আম পাড়ার উদ্বোধন হওয়া মানেই মানুষ বুঝবে সারাদেশের বাজারে আম এসে গেছে। 

বর্তমান করোনা মহামারি পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের আম দেশবাসীর কাছে পৌঁছে দিতে স্বাস্থ্যবিধি মেনে আম সংগ্রহ ও বাজারজাতকরণের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহায়তা করা হবে বলে জানান জেলা প্রশাসক। 

এছাড়া বাজার তদারকি ও আম  পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জেলার আমের সুনাম দেশব্যাপী অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয় অনুষ্ঠানে। 


একাত্তর/আরএইচ