নীলফামারীতে একটি শিল্প প্রতিষ্ঠান থেকে চুরি যাওয়া সাড়ে ১২ লাখ টাকাসহ ওই প্রতিষ্ঠানের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোরে জেলা শহরের পূর্ব কুখাপাড়ায় ওই কর্মচারীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ওই কর্মচারী মো. আনারুল (৩০) ওই একালার আইয়ুব আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর রাতে উত্তরা ইপিজেডে এক্সপোলিংক ইন্ডাস্ট্রির কার্যালয়ের একটি আলমারি থেকে ১৫ লাখ টাকা চুরি যাওয়ায় ৯ সেপ্টেম্বর থানায় মৌখিক অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক। তদন্তে প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রতিষ্ঠানটির কর্মচারী মো. আনারুলের সম্পৃক্ততা পায় পুলিশ। পরে বুধবার ভোরে জেলা শহরের পূর্ব কুখাপাড়ায় অবস্থিত আনারুলের বাড়ীতে অভিযান চালিয়ে চুরির ১১ লাখ ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে আনারুল ১৫ লাখ নয়, সাড়ে ১২ লাখ টাকা চুরির কথা স্বীকার করেন। ওই সাড়ে ১২ লাখ টাকার মধ্যে একজনকে ২০ হাজার টাকা ধার পরিশোধ ও ৩৪ হাজার টাকা বিভিন্ন ভাবে খরচ করে এবং অবশিষ্ট ১১ লাখ ৯৬ হাজার টাকা একটি প্লাস্টিকের বয়ামে ভরে মাটিতে পুতে রাখেন তিনি।
আরও পড়ুন: লৌহজংয়ে ভাঙন ঝুঁকিতে তিন প্রাথমিক বিদ্যালয়
নীলফামারী সদর থানার পরিদর্শক মো. আব্দুর রউফ জানান, গ্রেপ্তারকৃত আনোরুলকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক প্রসেনজিৎ কুমার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন বলেও জানান তিনি।
একাত্তর/জো