ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু, দেখতে গিয়ে শিশুর মৃত্যু

নেত্রকোণার মদনে বিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে এক তরুণের মৃত্যু হয়। মৃতের বাড়িতে মরদেহ দেখতে গিয়ে অটোরিকশার নিচে চাপা পড়ে মারা যায় এক শিশু। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বালালী গ্রামে এ দুই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত তরুণ চয়ন হোসেন (৩০) ওই গ্রামের সেলিম মিয়ার ছেলে আর সড়ক দুর্ঘটনায় নিহত শিশু নাজিফা (৭) একই গ্রামের জুয়েল মিয়ার কন্যা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে পুকুরে গোসল করার সময় পুকুর পাড়ে লাগানো বৈদুতিক মোটরের ওপর পা পিছলে পড়ে বিদ্যুতায়িত হয় চয়নের ছেলে। এসময় ছেলেকে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন চয়ন। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাপতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: গলাচিপায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু

এদিকে, ঘটনাস্থলে লোক সমাগম দেখে ঘটনা দেখতে যাওয়ার জন্য রাস্তা পার হতে গিয়ে শিশু নাজিফা অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


একাত্তর/জো