গাজীপুরে তরুণের খণ্ডিত মরদেহের সাত টুকরা উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে এক তরুণের খণ্ডিত মরদেহের সাতটি টুকরো বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১ অক্টোবর) একটি ডোবায় ওই মরদেহের কোমরের নিচের অংশ ও কিছু দূরে একটি জঙ্গলে খণ্ডিত দুই হাত পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ জানায়, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ প্রথমে ডোবা থেকে কোমরসহ দুই হাঁটু পর্যন্ত অংশ, পরে পাশের জঙ্গল থেকে অঙ্গুল বিহীন খণ্ডিত দুই হাত ও তরুণের পরনের জিন্সের প্যান্ট উদ্ধার করে। বিকেলে দেহের বাকি অংশ উদ্ধারে তল্লাশি চালিয়ে ওই ডোবা থেকেই বস্তায় ভরা মাথা, কোমর থেকে গলা পর্যন্ত অংশ ও এক পায়ের দুইটি খণ্ড উদ্ধার করে। দেহের আরও খণ্ডিত অংশ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলেও জানায় পুলিশ।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন জানান, মাথাসহ লাশের সাতটি খণ্ড উদ্ধারের পর ওই তরুণের স্বজনরা মরদেহ শনাক্ত করেন। নিহত সবুজ বার্নাড ঘোষাল (৩৫) স্থানীয় পানজোড়া এলাকার অমূল্য বার্নাড ঘোষালের ছেলে ও পূর্বাচল অ্যাপারেলস পোশাক কারখানার কোয়ালিটি চেকার (কিউসি) বলে জানা গেছে। 

কে বা কারা, কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও বলা যাচ্ছে না বলেও জানান তিনি।  

আরও পড়ুন: নরসিংদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত চার, আহত পাঁচ

এদিকে, সবুজের হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে রোববার (২ অক্টোবর) দুপুর বারোটা পর্যন্তও উদ্ধারকৃত মরদেহের খণ্ডিত অংশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়নি।


একাত্তর/জো