চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৭ মে) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আমবাহী ট্রেনটি উদ্বোধন করা হয়।
রেলস্টেশন সূত্র জানিয়েছে, ট্রেনটি দুপুর ২ টায় রহনপুর থেকে আম বোঝাই করে ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ রেলষ্টেশন আসবে। এরপর চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে বিকেল সাড়ে ৪ টায় আম বোঝাই ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এতে প্রতিদিন ২১৫ মেট্রিক ট্রন পরিবহন করবে ট্রেনটি। রহনপুর থেকে ঢাকা প্রতি কেজি আমের বহনমূল্য মাত্র ১ টাকা ৩০ পয়সা।
রাজশাহী রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) মিহির কান্তি গুহ জানন, "এ ট্রেনের মাধ্যমে আম পাঠালে খরচ খুবই কম পড়বে। বাসে প্রতি মণে খরচ পড়ে ১৪০০ টাকা। কুরিয়ার সার্ভিসে খরচ পড়ে ২০০০ টাকা। আর এ ম্যাংগো ট্রেনে খরচ পড়বে মাত্র ১১৮০টাকা।"
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, "চাঁপাইনবাবগঞ্জে করোনার শনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে। এ ট্রেনের মাধ্যমে আম চাষিরা খুব কম খরচে ও স্বাস্হ্যবিধি মেনে ঢাকায় আম পাঠাতে পারবে।"
এ ট্রেন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) মিহির কান্তি গুহ, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আঃ রকিব, সিভিল সার্জন ডাঃ নজরুল চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ -১ আসনের সাংসদ ডাঃ সামিল উদ্দিন শিমুল, মহিলা সংরক্ষিত আসনের সাংসদ ফেরদৌসি ইসলাম জেসিসহ সরকারী কর্মকর্তারা।
একাত্তর/এসজে