সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়ায় সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে পড়ে এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার কচুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত সিরাজ সিকদার (৭০) ওই গ্রামের বাসিন্দা। দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহামুদ হোসেন রিপন জানান, সকালে বাড়ির পাশের একটি বাগানে সুপারি পাড়তে গাছে ওঠেন দিনমজুর সিরাজ। কয়েকটি গাছ থেকে তিনি সুপারি পাড়েনও তিনি। একটি গাছ থেকে সুপারি পাড়ার সময় গাছটি ভেঙ্গে নিচে পড়ে তার মৃত্যু হয়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দিয়ে কাঁঠালিয়া থানা পুলিশ গিয়ে সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: রূপগঞ্জে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, ক্লিনিকে হামলা

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।


একাত্তর/জো