পটুয়াখালী-বরিশাল মহাসড়কে পটুয়াখালীর মৌকরন ব্রিজ সংলগ্ন গাজীপুরায় ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী।
শুক্রবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বদরপুর ইউনিয়নের গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত এনজিও কর্মী সাধন কুমার দে পটুয়াখালীর পাংগাশিয়া ব্রাক শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাসটি পিছন থেকে সাধন কুমার দের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন তিনি। তাকে মুমূর্ষ অবস্থায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হিরন জানান, তিনি স্ত্রী ও সন্তান নিয়ে বদরপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। শুক্রবার সাপ্তাহিক বাজার করে ফেরার পথে এই দুর্ঘটনা কবলিত হন তিনি।
আরও পড়ুন: খাতুনগঞ্জে লোডিং শ্রমিক হত্যার ঘটনায় দুইজন আটক
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একাত্তর/জো