নরসিংদীতে জানালার গ্রিল কেটে চুরি, গ্রেপ্তার তিন

নরসিংদীতে ঘরের জানালার গ্রিল কেটে মামলার চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া অনেক মালামাল।

গ্রেপ্তাররা হলেন, নরসিংদী সদরের চৌয়ালা এলাকার বাসিন্দা মো. কাউছার (২৬), টাইগার বিল্লাল (৩৮) ও মাধবদী এলাকার বাসিন্দা রঞ্জন বনিক (৪২)।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংদী সদরের চৌয়ালা এলাকার বাসিন্দা ডা. মো. নুরুল্লাহ আল মাসুদ গত ২৫ সেপ্টেম্বর পবিত্র ওমরা হজ পালনের জন্য সৌদি আরবে যান। তার স্ত্রীসহ পরিবারের অন্য সদস্য বাড়িতে না থাকার গত ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবরের মধ্যে তাদের ঘরের জানালার গ্রিল কেটে চুরি করা হয়। পরিবারের দাবি, তাদের নগদ টাকা, গহনা, মোবাইল সেট, ঘড়িসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। 

পরে ১৬ অক্টোবর ডা. মাসুদ দেশে ফিরে থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ কাউসার নামে একজনকে জিজ্ঞাসাবাদে থানায় নেয়। 

জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যে নগদ ২১ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এরপরে কাওসারের কাছে থেকে আরও তথ্য নিয়ে বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলার কালিগঞ্জে অভিযান পরিচালনা করে টাইগার বিল্লালকে গ্রেপ্তার করা হয়।

পরে বিল্লালের দেওয়া তথ্যে তার বাসা থেকে বিভিন্ন দামি ব্যান্ডের ঘড়ি উদ্ধার করা হয়। এরপর আবার বিল্লালের স্বীকারোক্তির ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবদী এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণের দোকান থেকে রঞ্জন বণিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দোকান থেকে চুরি যাওয়া দুইটি স্বর্ণের চেইন, চারটি আংটি, একটি নাকফুল, এক জোড়া কানের দুলসহ মোট পৌনে দুই ভরি সোনাসহ এক লাখ ৬০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: স্বামীর সংসার করতে নোয়াখালীতে মিশরি তরুণী

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অভিযানে মোট ১৩ লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে আসামি কাউসার চুরির ঘটনায় তার নিজের সংশ্লিষ্টতা স্বীকার করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুঁইয়া বলেন, কাউছারের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় আগে থেকেই একটি মাদক মামলা আছে। এছাড়া বিল্লালের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ছিনতাই, চুরিসহ মোট ১২টি মামলা আছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


একাত্তর/এসি