জমিসহ ঘর পেলো নীলফামারীর ৫১ পরিবার

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের জমিসহ ঘর পেল নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের ভূমি ও গৃহহীন ৫১ পরিবার।  

মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১২টার দিকে ইউনিয়নের দুবাছুরী গ্রামের ৫১ পরিবারের হাতে জমির দলিলসহ ঘরের চাবি এবং ১৫ কেজি করে চাল তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। 

সদর উপজেলা প্রশাসন আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। 

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনজুরুল মোর্শেদ তালকুদার,  সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, লক্ষ্মীচাপের ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান প্রমুখ।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে সরকারের ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করার অংশ হিসেবে আশ্রায়ণ-২ প্রকল্পের আওতাধীন তৃতীয় পর্যায়ের আওতায় লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুরী গ্রামে ৫১ পরিবারকে জমিসহ সেমি-পাকাঘর উপহার দেন প্রধানমন্ত্রী। 

আজ আনুষ্ঠানিকভাবে ওই সব পরিবারের মাঝে দুই শতক জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যেক পরিবারকে ১৫ কেজি করে চাল উপহার প্রদান করা হয়।


একাত্তর/এআর