চট্টগ্রামের মীরসরাইয়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সাগরে বালু উত্তোলনের একটি ড্রেজার ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছেন ৮ শ্রমিক। সোমবার রাত ১০টায় এ ঘটনা ঘটে।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মীরসরাই ইকোনমিক জোনের ৩ নম্বর স্লুইসগেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, সে সময় ঝড়ো হাওয়ার তোড়ে সৈকত-২ নামের ড্রেজারটি উল্টে গিয়ে ডুবে যায়। ধারণা করা হচ্ছে শ্রমিকদের সবাই মারা গেছেন এবং তাদের মরদেহ ড্রেজারে আটকে আছে।
ইউএনও আরও জানান, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় কন্ট্রাক্টে খননকাজে নিয়োজিত ৭টি ড্রেজার সেখানে নোঙর করা ছিল।
সোমবার বিকেলে ঘূর্ণিঝড় সতর্ককারীদের আহ্বানে বাকি ৬ ড্রেজারের শ্রমিকরা নিরাপদ আশ্রয়ে চলে আসেন। সেসময় সৈকত-২ নামের ড্রেজারটিতে ৯ শ্রমিক ছিলেন।
তাদের মধ্যে থেকেও একজন চলে আসেন, কিন্তু অপর আট শ্রমিক ড্রেজার ছেড়ে আসতে অপারগতা প্রকাশ করে সেখানে থেকে যান।
স্থানীয়রা জানান, ড্রেজারটি উপজেলার বসুন্ধরা বেড়িবাঁধ থেকে আনুমানিক এক হাজার ফুট দূরত্বে ছিল। বালু উত্তোলনকারী শ্রমিকরা দিন-রাত ড্রেজারে অবস্থান করে থাকে।
সেখানে তাদের থাকার ব্যবস্থা আছে। ঘটনার সময় ওই ড্রেজারে ৯ শ্রমিক অবস্থান করছিলেন। ছালাম নামে এক শ্রমিক নিরাপদ স্থানে চলে গেলেও বাকিরা ড্রেজারেই ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি কবির হোসেন। তিনি বলেন, ঝড়ের তাণ্ডবে সাগরে পানির বাড়ায় বালু উত্তোলনের ড্রেজার মেশিনটি পানিতে ভেসে যায়।
তিনি জানান, বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে।
একাত্তর/জো