বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গাওলা পাগলা বাজারের বেইলি ব্রিজ ভেঙে বালু বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে খুলনা-মোল্লাহাট পুরাতন সড়কের গাওলা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছে ট্রাক চালক।
শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ছয়টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। তবে দুপুর পর্যন্ত উদ্ধার ও সংস্কার কাজ শুরু হয়নি।
স্থানীয়রা জানান, রূপসা থেকে একটি বালুবাহী ট্রাক নাশুখালীর দিকে যাচ্ছিলো। এসময় পাগল বাজারের দুর্বল বেইলি ব্রিজের উপর ট্রাকটি উঠলে বিকট শব্দে ব্রিজটি ভেঙে খালের মধ্যে পড়ে যায়। এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ বলেন, অতিরিক্ত ওজনের ফলে ব্রিজটি ভেঙে যায়। খবর পেয়ে মোল্লাহাট থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা দ্রুত ট্রাকটি উদ্ধার করে ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণ করার ব্যবস্থা করবেন।
আরও পড়ুন: আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর
এদিকে সড়ক বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, খাল থেকে ট্রাকটি তুলতে রাতের মধ্যেই ক্রেন চলে আসবে। এরপর ক্ষতিগ্রস্ত ব্রিজটির সংস্কার কাজ শুরু করা হবে। এর জন্য মিস্ত্রি, শ্রমিক ও প্রয়োজনীয় মালামাল প্রস্তুত রয়েছে। আশাকরি দ্রুততম সময়ের মধ্যে আমরা এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পারবো।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাকটি উদ্ধার হয়নি, ওই সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে।
একাত্তর/এসি