পঞ্চগড় সীমান্তে মিললো দুই শুটারগান ও গুলি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে দুইটি শুটার গান, ১১ রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বোধগাঁও বিওপির বিজিবি সদস্যরা। 

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তোড়িয়া ইউনিয়নের দক্ষিণ ছেপড়াঝাড় এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের ৪০১ মেইন পিলারের সাব পিলার ৩ সংলগ্ন এলাকা থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার হয়। 

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বোধগাঁও বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার গোলাম মোস্তফা শনিবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। 

শুক্রবার রাতেই বিজিবির পক্ষ থেকে আটোয়ারী থানা পুলিশের কাছে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ মোবাইল ফোনটি হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

বিজিবি সূত্রে জানা যায়, প্রতিদিনের মত শুক্রবারও সন্ধ্যার পূর্ব মুহূর্তে বোধগাঁও বিজিবি ক্যাম্পের একটি দল বাংলাদেশ সীমান্তে টহল দিচ্ছিল। এসময় গোপন খবরের ভিত্তিতে জানা যায় বোধগাঁও সীমান্ত এলাকায় এক ভারতীয় নাগরিক অবস্থান করছে। পরে সেখানে অভিযান পরিচালনা করা হলে ওই ভারতীয় নাগরিক বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ওই ব্যাগ থেকে আমরা দুইটি শুটারগান, ১১ রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করি।

আরও পড়ুন: ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, অস্ত্র-গুলি এবং মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।


একাত্তর/জো