টাঙ্গাইলের নাগরপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় সুলতান হোসেন স্বপন (৫৫) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় আজমীর হোসেন (২৫) নামের আরো একজন গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শনিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের ঘুনি সিংজোড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে। সুলতান হোসেন স্বপন উপজেলার গয়হাটা ইউনিয়নের শ্যামপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, স্থানীয় অগ্নিবীণা আইডিয়াল কলেজ মাঠে সন্ধ্যায় রানা, আলী, সোলাইমান ও আনোয়ারসহ কয়েক যুবক মিলে মাদক সেবন করছিলো। বিষয়টি ওই কলেজের দপ্তরি স্বপন তাদের অভিভাবকদের জানায়।
এক পর্যায়ে স্বপন সিংজোড়ার বাসু মিয়ার চায়ের দোকানে গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এসময় আজমীর বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আরও পড়ুন: পতাকা বৈঠকের জন্য টেকনাফ পৌঁছেছে বিজিপির প্রতিনিধি দল
পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। আজমেরীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।