নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত হয়ে ক্রেনচালক ও সহকারীর মৃত্যু

নারায়ণগঞ্জে ক্রেন মেরামত করার সময় বিদ্যুতায়িত হয়ে এর চালক ও সহকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (৩০ অক্টোবর) দুপুরে জেলার বন্দর উপজেলার কেওঢালা এলাকার হক ব্রাদার্সে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ক্রেনচালক রাসেল (২৮) ও তার সহকারী মো. ফাহিম (২১)। তাদের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার কিল্লা বাজার এলাকায়।

সহকর্মী সুমন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকার ক্রেন মেরামতকারী প্রতিষ্ঠান হক ব্রাদার্স। রোববার সকালে ক্রেন মেরামত কাজ চলছিল। ওই সময় অসাবধানতা বসত ক্রেন উপর দিকে উঠালে হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে তারা গুরুতর আহত হয়।

পরে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল শিগগিরই, ডিসেম্বরে যোগদান

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা করা হয়েছে।

এ ব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. তছলিম উদ্দিন জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


একাত্তর/এসি