পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ১৬টি পাখি ধরার ফাঁদ আটক ও ছয়টি ঘুঘু, অতিথি পাখি ও একটি সাপ উদ্ধার করেছে এনিম্যাল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের সদস্যরা।
মঙ্গলবার (১ নভেম্বর) দিনভর কলাপাড়া উপজেলা প্রশাসন ও বন বিভাগের সহায়তায় গোপন খবরের ভিত্তিতে পাখিদের অভয়াশ্রমসহ বিভিন্ন স্থান থেকে এ ফাঁদ ও পাখি উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের বিষয়টি টের পেয়ে পাখি শিকারিরা পালিয়ে যায়।
একই সংগঠনের সদস্যরা মঙ্গলবার চারঘাট এলাকার একটি বাড়ি থেকে একটি কালনাগিনী সাপও উদ্ধার করে। সংগঠনের হেল্পলাইনে কল করে বাড়ির লোকজন সাহায্য চাইলে রাতে তারা সাপটি উদ্ধার করে।
এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর সদস্য রাকায়েত আহসান জানান, এ শিকারি চক্রটি শীত মৌসুম শুরুর সাথে সাথে পাখি শিকার করে গোপনে বিক্রি করে আসছিল। তারা বনাঞ্চলে কৌশলে ফাঁদ পেতে পাখি শিকার করে বিভিন্ন বাজারে বিক্রি করছিলো।
আরও পড়ুন: কর্মস্থলে যাবার পথে সড়কে স্বামী-স্ত্রীর মৃত্যু
বুধবার (২ নভেম্বর) সকালে উদ্ধার করা পাখি ধরার ফাঁদ উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যর উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয় এবং পাখি ছয়টি অবমুক্ত করা হয়। এছাড়া সাপটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য জানান, বন্যপ্রাণী সংরক্ষণে প্রশাসন সর্বদা সজাগ দৃষ্টি রাখছে।
একাত্তর/জো