বাগেরহাটের মোল্লাহাটে বাগানে ফেলে রাখা ইঁদুর মারার বিষমাখা চালভাজা খেয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে আর অসুস্থ হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চার বছর বয়সী ওই শিশুর বোন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার গাংনী সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শিশু আসমা আক্তার (৩) ও চিকিৎসাধীন আফসিয়া আক্তার (৪) ওই এলাকার গরু ব্যবসায়ী এনামুল শেখ ও মৌসুমী বেগম দম্পতির মেয়ে।
শিশুদের মা মৌসুমী বেগম জানান, সকালে দুই মেয়ে বাড়ির পাশের বাগানে বাদাম সংগ্রহে যায়। যথারীতি বাদাম সংগ্রহ করে বাড়িতেও আসে। কিন্তু বিকেলের দিকে প্রথমে ছোট মেয়ে আসমা এবং পরে মেঝ মেয়ে আসফিয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত মোল্লাহাট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ছোট মেয়েকে মৃত ঘোষণা করেন। মেঝ মেয়েকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে বলেন।
আছিয়া এখন মোটামুটি সুস্থ আছে এবং সন্ধ্যার পর থেকে কথা বলছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, বাগানে পাতায় রাখা চালভাজা পেয়ে তারা খেয়েছিল বলে মাকে জানিয়েছে মেঝ মেয়ে আফসিয়া। তাতে ইঁদুর মারার বিষমাখা ছিল বলে জানান তিনি।
আরও পড়ুন: দেবহাটায় অবৈধ অস্ত্র ও গুলিসহ ভূমিদস্যু আটক
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অপূর্ব পোদ্দার জানান, দুই শিশুকে তাদের বাবা-মা হাসপাতালে নিয়ে এসেছিল। এর মধ্যে একজনকে মৃত অবস্থায়ই নিয়ে আসা হয়। অপর জনের অবস্থা খারাপ থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে বলা হয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস জানান, মর্মান্তিক ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে নিহত ও অসুস্থ শিশুদের পরিবারের কেউই এখনও থানায় যোগাযোগ করেনি।
একাত্তর/জো