মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসলেন শারমিন

গত রাতে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন মা শিউলি বেগম। পরদিন সকাল ১০টায় তার মরদেহ আনা হয় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সাত নম্বর গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামে। এদিকে এদিন সকাল ১১টায় মেয়ের এইচএসসি পরীক্ষা। তবে মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসেন মেয়ে শারমিন আক্তার।

রোববার (৬  নভেম্বর) ভান্ডারিয়া উপজেলার মাজিদা বেগম মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন তিনি।

শারমিন ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।

চাচা আব্দুল মালেক ফকির জানান, শারমিনের মা দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন। শনিবার দিনগত রাত সোয়া দুইটার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। সকাল ১০টায় লাশ বাড়িতে আনা হয়। কিন্তু শারমিনের পরীক্ষা ছিল সকাল ১১টায়। তাই মায়ের লাশ বাড়িতে রেখে কাঁদতে কাঁদতে পরীক্ষা দিতে যায়। বিকেলে শারমিনের মায়ের লাশ দাফন করা হবে। 

আরও পড়ুন: প্রশ্নপত্র ছাপায় ভুল, কারিগরি বোর্ডের বাংলা পরীক্ষা স্থগিত

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, ঘটনা দুঃখজনক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগিতায় মেয়েটি পরীক্ষা দিয়েছে।


একাত্তর/এসি