পার্বত্য জেলা বান্দরবানে মাদক বিরোধী অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়কালে ডিজিএফআইয়ে কর্মরত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার রেজওয়ান রুশদি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক র্যাব সদস্য।
সোমবার (১৪ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আএসপিআর।
নিহত বিমান বাহিনীর কর্মকর্তা রেজওয়ান রুশদি রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর গ্রামের ডা. আব্দুল মতিনের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা এলাকায় পাংশা চক্ষু হাসপাতাল চত্বরে তাকে দাফন করা হয়। এর আগে ঢাকা ক্যান্টনমেন্টে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বেলা সোয়া ৩টার দিকে বাংলাদেশ এয়ার ফোর্স ৬৫০ হেলিকপ্টারে করে তার মরদেহ পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে আনা হয়। সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি চৌকস দল রেজওয়ান রুশদিকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় জর্জ স্কুল মাঠে হাজারো মানুষের ঢল নামে।
আরও পড়ুন: প্রেমিকাকে হত্যার ১৪ বছর পর প্রেমিকের ফাঁসি
গার্ড অব অনার প্রদানকালে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদুর রহমানসহ বিমান বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
একাত্তর/আরএ