রূপগঞ্জে ডকইয়ার্ডে জাহাজের ট্যাংকার বিস্ফোরণ, নিহত এক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডকইয়ার্ডে জাহাজের তেলের ট্যাংকার বিস্ফোরণে নুর জামাল (২৯) নামে এক ওয়েল্ডিং শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন সহিদুল ও ইউনুস মিয়া নামে আরও দুই শ্রমিক।

বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার দড়িকান্দি এলাকায় কিং ফিশার ডকইয়ার্ডে তেলবাহী জাহাজ সাংহাই-৮ এ এঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত নুর জামাল ঢাকার দোহার থানাধীন উত্তর শিমুলিয়া এলাকার জাফর ব্যাপারীর ছেলে।


আরও পড়ুন: মাধ্যমিকে অনলাইনে ভর্তি আবেদন শুরু, এবারও লটারি

রূপগঞ্জ ইছাপুরা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব আলম জানান, মুড়াপাড়া দড়িকান্দি এলাকায় কিং ফিশার ডকইয়ার্ডের সাংহাই-৮ নামক তেলের  জাহাজ মেরামত করার সময় হঠাৎ তেলের খালি ট্যাংকার বিস্ফোরণ হয়। এতে তিনজন আহত হয়। তাদেরকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুর জামাল।  

পুলিশ তার মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।


একাত্তর/আরবিএস