চাঁপাইনবাবগঞ্জে তালাক দেয়ার পর সাবেক স্ত্রী অন্যত্র বিয়ে করায় তাকে পিটিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। সেইসাথে সাবেক স্ত্রীর বর্তমান স্বামী ও পাঁচ মেয়েকেও হত্যার হুমকি দিচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চক হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রেখা বেগম চক হরিপুর গ্রামের মো. হাবিবুর রহমানের স্ত্রী। অভিযুক্ত কুদ্দুস মিয়া একই গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানান, রেখা বেগমকে পাঁচবার কারণে-অকারণে তালাক দিয়ে পুনরায় বিয়ে করেন কুদ্দুস মিয়া। শেষবার স্ত্রীর ভাইকে পেটানোর কারণে স্থানীয় শালিসের মাধ্যমে আবারো তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের দেড় বছর পর রেখা বেগম অন্যত্র বিয়ে করে নেয়ায় রাগে-ক্ষোভে সাবেক স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন কুদ্দুস। শুধু তাই নয়, তার পাঁচ কন্যা ও মামলার বাদিকে হত্যার হুমকি দিচ্ছেন পলাতক কুদ্দুস।
নিহতের স্বামী মো. হাবিবুর রহমান জানান, গত ২ নভেম্বর সকালে রেখা বেগম হাঁটতে বের হলে তার ওপর হামলা চালিয়ে মাথায় আঘাত করেন কুদ্দুস মিয়া।
গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অর্থ সংকটে রেখা বেগমকে মঙ্গলবার সকালে বাড়িতে আনার পর বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।
আরও পড়ুন: সহকারী কমিশনারকে ছুরিকাঘাত ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ছয়
এ ঘটনায় হাবিবুর রহমান হবু বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় কুদ্দুসসহ ছয়জনকে আসামি করা হলে চারজন জামিনে মুক্ত রয়েছেন। পলাতক রয়েছেন মূল আসামি কুদ্দুসসহ দুইজন।
তবে এ ঘটনায় গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের হোসেন।