মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, দুই শিক্ষক গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে ওই মাদ্রাসার অধ্যক্ষসহ দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৬ নভেম্বর) রাতে রায়পুর পৌর শহরের ৯নং ওয়ার্ডের লেংড়া বাজার থেকে তাদেরকে আটক করা হয়। এর আগে এদিন সন্ধ্যায় রায়পুর থানায় মামলা করেন ভুক্তভোগীর অভিভাবক। 

জানা গেছে, অভিযুক্ত শিক্ষক আব্দুর রশিদের বাড়ী নোয়াখালীর একলাশপুর এলাকায়। তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। আর ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার মাওলানা আব্দুল ওজায়ের ওই মাদ্রাসার অধ্যক্ষ।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানান, বুধবার সকালে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে আব্দুর রশিদ নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন। ঘটনাটি কাউকে বললে প্রাণে মেরে ফেলা হবে বলেও ওই ছাত্রকে হুমকি দেন তিনি। 

তবে নির্যাতনের শিকার ছাত্র মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি গিয়ে ঘটনাটি অভিভাবকদের জানায়। অভিভাবকরা এসে মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল ওজায়েরকে জানালে তিনি মাদ্রাসার সুনাম ক্ষুণ্ণ হবে বলে শিশুটির পরিবারকে ম্যানেজসহ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে থানায় মামলা হলে পুলিশ অধ্যক্ষসহ দুইজনকে গ্রেপ্তার করেন।

আরও পড়ুন: তালাকের পর অন্যত্র বিয়ে করায় সাবেক স্ত্রীকে হত্যা

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের দায়ে থানায় মামলা হয়েছে। মামলার পর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল ওজায়ের ও শিক্ষক আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর শিক্ষক আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেন। আর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল ওজায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। 


একাত্তর/এসজে