টাঙ্গাইলের ঘাটাইলে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় ফেলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন ওই ব্যক্তি।
রোববার (২০ নভেম্বর) আনুমানিক রাত আটটার দিকে ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম চিকিৎসকের বরাত দিয়ে অজ্ঞাতপরিচয় অচেতন ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ঘাটাইল থানার ওসি জানান, রাতে বিনিময় পরিবহনের একটি বাস থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় ঘাটাইল বাসস্ট্যান্ডে ফেলে দিয়ে গেছে- এমন খবর পেয়ে ওই অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়দের সহায়তায় তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: বাড়ির আঙিনায় ১৯ ফুট উচ্চতার গাছসহ গাঁজাচাষী আটক
ওসি আরও জানান, যে যাত্রীবাহী বাসটি এই ঘটনা ঘটিয়েছে- ওই বাস, বাসের চালক ও হেলপারকে শনাক্ত করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
একাত্তর/জো