যশোরে ৮ জনের নমুনায় করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭ জন পুরুষ ও একজন নারী। তাদের সকলের বয়স ৫৬ বছরের নিচে। শনাক্তদের সকলেই যশোরের স্থানীয় বাসিন্দা। তাদের কারোরই ভারতে যাওয়ার কোনো সম্পর্ক বা ইতিহাস নেই।
আজ সোমবার (৩১ মে) ৩৬ জনের নমুনার জিনোম সিকুয়েন্সিং এর মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এর আগে আরো ৭ জনের নমুনায় করোনার ভারতীয় ধরন শনাক্ত করেছিলো এ গবেষক দল। তারা সকলেই ভারত ফেরত পাসপোর্ট যাত্রী ছিলো। এ নিয়ে যশোর মোট ১৫ জনের নমুনায় করোনার ভারতীয় ধরন শনাক্ত হলো।
যবিপ্রবির জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ জানান, গত ২৯ মে ৪ জনের নমুনা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে, ৩ জনের নমুনা যশোর জেনারেল হাসপাতাল থেকে এবং অপর জনের নমুনা ঝিকারগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যবিপ্রবির ল্যাবে পাঠানো হয়। সম্প্রতি ভারত ফেরত কোয়ারেন্টাইনে থাকা পরবর্তী সময়ে পজিটিভ হওয়ার হার যশোর জেলায় গড়ে ১০ শতাংশ থেকে ১৯ শতাংশে উন্নীত হওয়ায় স্থানীয় সংক্রমণ হয়েছে কি না সেটি জানার জন্য স্থানীয় ৩৬ জনের নমুনা সিকোয়েন্সিং করে ভারতীয় ধরন শনাক্ত করা হয়।
তিনি আরো জানান, নতুন শনাক্ত ধরনটি ই ১.৬১৭.২ নামের ধরন। এর আগে ভারত ফেরত রোগীদের মধ্যে ৭ জনের শরীরে একই ধরনের ভারতীয় ভ্যারিয়ান্ট পাওয়া যায়। এদের মধ্যে দুইজন করোনা পজিটিভ হয়েই দেশে আসেন।
একাত্তর/আরএইচ