কক্সবাজারে শত্রুতার জেরে এক ব্যক্তির দুই হাতের কবজি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। পরে তারা কাটা কবজি নিয়ে মাঠে উল্লাস করেছে। এরপর স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তার অবস্থা গুরুতর।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে জেলার টেকনাফ উপজেলার সদর ইউনিয়নে নাজিরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
দুই হাতের কবজি হারানো ওই ব্যক্তির নাম সিদ্দিক আহম্মদ (৫৫)। তিনি ওই এলাকার মৃত নজির আহমেদের ছেলে।
পরিবার ও স্থানীয় লোকজন জানান, শত্রুতার জেরে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা দা, কিরিচ নিয়ে ছিদ্দিককে গাড়ি থেকে নামিয়ে হামলা চালায়। এসময় তারা সিদ্দিকের দুটি হাতের কবজি কেটে নিয়ে যায়। পরে তারা মাঠের মধ্যে কাটা কবজি নিয়ে উল্লাস করে।
তারা জানান, এরপর গ্রামবাসী এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
আরও পড়ুন: সীমান্তে সামরিক কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা
এ বিষয়ে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাছিম ইকবাল জানান, রক্তাক্ত দুই হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসেন স্বজনরা। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।
একাত্তর/এসি