হবিগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জের মাধবপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অপরাধে দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদন্ডের আদেশও দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ রায় দেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম নাসিম রেজা। 

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, মাধবপুর উপজেলার দূর্গাপুর গ্রামের মো. ওয়াহিদ আলীর ছেলে মো. শাহিদ মিয়া (৪৫) ও রাজেন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোস্তফা (৩৫)। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: ১-১৫ ডিসেম্বর দেশজুড়ে অভিযান চালাবে পুলিশ

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৮ জুন রাত ১১টার দিকে উপজেলার দূর্গাপুর গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে দশম শ্রেণির ছাত্রীর ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেণ শাহিদ ও মোস্তফা। এ সময় বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন তারা। 

এ ঘটনার পরদিন রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় দেন। উভয় আসামিকে কারাগারে প্রেরন করা হয়েছে।

 

একাত্তর/আরবিএস