চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর চেকপোস্টে বেনাপোল শুল্ক গোয়েন্দার একটি টিম ভারতে পাচারকালে ৬২১ গ্রাম স্বর্ণসহ ভারতীয় দুই নাগরিককে আটক করেছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জয়নগর চেকপোস্ট অভিযান চালিয়ে স্বর্ণসহ ভারতীয় পাসপোর্টধারী ওই দুইজনকে আটক করেন।
জানা গেছে, আটককৃতরা হলেন কলকাতার জোড়াবাগান থানার দেবেন্দ্র রোডের বাসিন্দা চুনিলাল গুপ্তের ছেলে অনুপ কুমার গুপ্ত (৪৮) ও পিকনিক গার্ডেন রোডের রামশ্রীর ছেলে রাশেজ কুমার (৪২)।
শুল্ক গোয়েন্দা বেনাপোল সার্কেলের রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম জানান, গোপন খবরের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম দর্শনা জয়নগর চেকপোস্ট অভিযান চালিয়ে ৬২১ গ্রাম স্বর্ণসহ ওই দুই ভারতীয়কে আটক করেছে। তারা আটককৃত স্বর্ণ ঢাকা থেকে ভারতে পাচার করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান।
রাজস্ব কর্মকর্তা আরও জানান, আটক দুই ভারতীয় নাগরিক কলকাতার বাসিন্দা। তারা গত সপ্তাহে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে এসেছিলেন।
আরও পড়ুন: সেপটিক ট্যাঙ্ক থেকে নিখোঁজ মা-ছেলের মরদেহ উদ্ধার
উদ্ধার করা স্বর্ণ কাস্টমসে জমা করে আটক দুইজনের বিরুদ্ধে দর্শনা থানায় ফৌজদারি মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই রাজস্ব কর্মকর্তা।
একাত্তর/জো