আসছে বর্ষা: চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসর প্রকল্প কতদূর?

গত তিন বছরেও শেষ হয়নি চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ। এবারের বর্ষায়ও বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে থাকতে হবে নগরবাসীকে। 

আর, বাকি কাজ শেষ করতে প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর আবেদন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)। নগরবিদরা বলছেন, সব সংস্থার সমন্বয় না হলে প্রকল্প শেষ হবে না।

কয়েকমাস ধরে নালার পানি চলাচল বন্ধ চাক্তাই ডাইভারশন খালের। যে কারণে ভারি বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি যোগ হলে এ বছরও চট্টগ্রাম নগরীর তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

জলাবদ্ধতা কমাতে প্রায় ছয় হাজার কোটি টাকা ব্যয়ে ২০১৭ সালে শুরু হয় মেগা প্রকল্পের। ৩৬টি খাল পুনঃখননসহ প্রকল্পের বাকি কাজগুলো ২০২০ সালের জুনে শেষ হওয়ার কথা। 

সেখানে এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে মাত্র ৫০ শতাংশ। এ নিয়ে চট্টলাবাসীর ক্ষোভের অন্ত নেই। জানালেন, প্রকল্পের ধীর গতিতে তারা হতাশ। 

আর, বাজেটের টাকা পুরোপুরি না পাওয়ায় প্রকল্পের কাজে দেরি হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শাসম।

তিনি আরও জানান, চলতি বছরের মধ্যে স্লুইচ গেটের নির্মাণ কাজ শেষ হলে আগামী বর্ষায় নগরবাসী এর ফল পাবে। 

তবে, নগর পরিকল্পনাবিদরা বলছেন কাজের মেয়াদ বাড়লে, একদিকে যেমন প্রকল্প ব্যয় বাড়ে অন্যদিকে প্রকল্পের ফল থেকেও বঞ্চিত হয় মানুষ। 

সার্বিক পর্যবেক্ষণের পর নগর পরিকল্পনাবিদরা এখনো মনে করেন, এই বছরও বর্ষায় জলাবদ্ধতার কষ্ট পাবেন চট্টগ্রামবাসী।


একাত্তর/আরবিএস