টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১১ ঘণ্টা পর উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে লাইনচ্যুত ট্রেনের বগিটি রেললাইন থেকে অপসারণ করা হয়। এতে ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলগামী রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে সোমবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকেঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের কালিহাতী উপজেলার রাজাবাড়ি রেল ক্রসিংয়ে ঢাকাগামী মালবাহী ট্রেনটির ১১ নম্বর বগি লাইনচ্যুত হয়। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল আটটা পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস টাঙ্গাইল স্টেশনে, পঞ্চগড় এক্সপ্রেস মহেড়া স্টেশনে, বেনাপোল এক্সপ্রেস ঢাকায় অবস্থান করছে। লালমনি এক্সপ্রেস টঙ্গি স্টেশনেসহ রাতের ট্রেনগুলো আটকা থাকে।
স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন ঢাকার দিকে যাওয়ার সময় কালিহাতীর রাজাবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ১১ নম্বর বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ রয়েছে ওই রেললাইনে ট্রেন চলাচল।
আরও পড়ুন: জামায়াতের আমির ডা. শফিকুর গ্রেপ্তার
পশ্চিম রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত শরীফ জানান, উত্তরবঙ্গ থেকে চালবাহী ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটি কালিহাতীর রাজাবাড়ি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি বগি চারটি চাকাসহ লাইনচ্যুত হয়। পরে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে বগিটি উদ্ধার করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
একাত্তর/এসি