গাজীপুরে বকেয়া বেতন দাবিতে শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১০ জন আহত হন। তাদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুরের মৌচাকে নিউ লাইন ‌ক্লো‌থিং লি‌মি‌টেড কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান করে অবরোধ করেন।  

আন্দোলনরত শ্রমিকরা জানান, শ্রমিকদের গত তিন মাসের এবং অন্য স্টাফদের পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। কিন্তু কারখানা মালিক আশ্বাস দিলেও বেতন দিচ্ছে না। পরে বেতনের দাবিতে আন্দোলন করা হয়।  


স্থানীয়রা জানান, ঘটনাস্থ‌লে পু‌লিশ গি‌য়ে শ্রমিক‌দের মহাসড়ক থে‌কে স‌রি‌য়ে দেয়ার চেষ্টা করে। তখন শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ ও ক‌য়েক রাউন্ড টিয়ার‌সেল নি‌ক্ষেপ ক‌রে। এ‌তে অন্তত ১০ জন শ্রমিক ও স্থানীয় দোকানদার আহত হন। 

আরও পড়ুন: পটুয়াখালীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর দু’পক্ষের মারামারি

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুর রহমান জানান, ঘটনাস্থলে শিল্প ও থানা পুলিশ রয়েছে। পরিবেশ অনেকটা কিছুটা শান্ত হয়েছে। সকাল ১০টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নিয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভা‌বিক রয়েছে।


একাত্তর/এসি