নেত্রকোণার কলমাকান্দায় ভেকু বহনকারী একটি ট্রেইলারের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলা সদরের পূর্ব বাজারে খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত প্রিয়াবালা দাস (৬৫) উপজেলার মুক্তিরচর এলাকার মৃত অদ্বৈত দাসের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার এনজিও থেকে আর্থিক সহায়তা নিয়ে বাড়িতে ফিরছিলেন প্রিয়াবালা। পথে ভেকু বহনকারী একটি ট্রেইলার তাকে ধাক্কা দিলে তিনি বুকে আঘাতপ্রাপ্ত হন ও তার ডান পা ভেঙে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফুল আলম তাকে পরীক্ষানিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ট্রেইলারের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনাস্থল থেকে ট্রেইলারটি থানা নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একাত্তর/এসজে