সংক্রমণ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে কঠোর প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জে চলমান বিশেষ লকডাউনের দশম দিনে কঠোর অবস্থানে প্রশাসন। বৃহস্পতিবার লকডাউন কার্যকরে মাঠে তৎপর ছিল ১২ ভ্রাম্যমাণ দল। গতকাল বুধবার (৫ জুন) ৫৯ জনকে জরিমানা করা হলেও আজও অব্যাহত আছে একই অভিযান। এদিন ছেড়ে যায়নি দূরপাল্লা কিংবা আন্তঃনগর জেলার কোনো বাস, চলেনি রেল। বন্ধ রয়েছে মার্কেট, দোকানপাট। জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রশাসনের তৎপরতা দেখা গেছে চোখে পড়ার মতো।

এদিকে লকডাউনেও চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরে কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। তবে বন্দর ও বন্দরের বাইরে যেন স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হয় সেজন্য সোনামসজিদ এলাকায় একটি বিশেষ দল কাজ করছে।


জেলার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বৃহস্পতিবার সকালে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় বর্তমানে করোনা রোগী চিকিৎসাধিন রয়েছে ৯৬৫ জন। জেলায় এ পর্যন্ত মোট ২১৩১ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৩ জনসহ মোট মারা গেছে ৪০ জন। 

গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩০টি, যার মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮ জন বলেও জানান তিনি। 

এসময়ে ভারত থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছেন মোট ৮৮জন। এর মধ্যে ২৪ জনকে কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার আরও ১৪ জনের নমুনার ফলাফল আসলে তাদেরও মুক্ত করে দেওয়া প্রশাসন। জেলায় সুস্থ হয়েছেন এক হাজার ১২৯ জন রোগী। 


একাত্তর/আরএইচ