কুমিল্লার বরুড়ায় একটি পুকুর পাড় থেকে দশ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ওই কন্যাশিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভাউকসার ইউনিয়নের শ্রীপুর গ্রামের মাস্টার বাড়ির পুকুরের পাড় থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
আটককৃত যুবকের নাম মো. জসিম উদ্দিন (২০)। তিনি ভাউকসার ইউনিয়নের গজারিয়া গ্রামের মনোহর আলীর ছেলে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার সফিকুর রহমান বলেন, সন্ধ্যায় আমাকে মেয়ের মামাতো ভাই কল দিয়ে বলে তার ফুফাতো বোনকে তারা পাচ্ছে না। শিশুটির মরদেহ পাওয়ার আগে শেষবার তাকে জসিমের সাথে দেখা গেছে। তাই স্থানীয়রা তাকে ধর্ষণের সন্দেহে আটক করেছে। জসিমকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করে। পরে স্থানীয় বেশ কয়েকজন জসিমের সঙ্গেই তাকে দেখেছে বললে জসিমের জবান বন্ধ হয়ে যায়। জসিম কিছু না বলে চুপছে হয়ে যায়। পরে জসিমকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। ইউনিয়ন পরিষদে আসলে খবর আসে পুকুর পাড়ে ওই মেয়েটার লাশ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে আসে। ওই ছেলেকে পুলিশ নিয়ে গেছে। লাশও নিয়ে গেছে।
তিনি আরও বলেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কিনা তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে নিহতের মরদেহে হাতে কিছু দিয়ে বাধার চিহ্ন আছে।
আরও পড়ুন: সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
স্থানীয় ভাউকসার ইউপি চেয়ারম্যান সৈয়দ মাশরুল হক বলেন, ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে বলে স্থানীয়রা বলেছে। তবে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ কাজ করছে। পুলিশের তদন্তে সবকিছু বেরিয়ে আসবে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, কিশোরীর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের ময়নাতদন্ত রিপোর্টের আলোকে তদন্ত শেষ হলে ঘটনার আসল রহস্য উন্মোচন হবে।
একাত্তর/আরবিএস