টয়লেটের পাইপ নিয়ে ঝগড়ার জেরে প্রতিবেশিকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী লোকজন। এসময় ওই নারীর স্বামী স্ত্রীকে বাঁচাতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে গোগনগর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত জাহেদা খাতুন ওই এলাকার কাইয়ুম মণ্ডলের স্ত্রী। 

নিহতের ছেলে রাসেল জানান, দুইদিন আগে প্রতিবেশী সেকুল মিয়া আমগাছের ডাল কেটে তাদের টয়লেটের পাইপ ভেঙে ফেলেন। পরে পাইপটি মেরামত করে দেওয়ার কথা থাকলেও তা মেরামত করে দেননি তিনি। 

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে সেটি মেরামতের জন্য বললে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সেকুল মিয়া জাহেদাকে পিটিয়ে আহত করেন। পরে কাইয়ুম মণ্ডল জাহেদাকে বাঁচাতে গেলে তাকেও পিটিয়ে আহত করেন তিনি। 

আরও পড়ুন: যশোরে প্রকাশ্যে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

সদর মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


একাত্তর/এসজে