পটুয়াখালীর কলাপাড়ায় ধানবাহী টমটম থেকে পড়ে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে মহিপুর থানার মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, নিহত শিশু নাদিম মুসুল্লী (২) একই গ্রামের জামাল মুসুল্লীর ছেলে।
নিহত শিশুর স্বজনরা জানান, নাদিম তার পরিবার ও প্রতিবেশী শিশুদের সাথে বাড়ির সামনে থেমে থাকা ধানবাহী একটি টমটমের উপর বসে খেলছিলো। এসময় সে টমটমের উপর থেকে নিচে পড়ে মাথা ও নাকে আঘাত পায়। এসময় প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক কবির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। নাকে ও মাথায় আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: যশোরে প্রকাশ্যে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, নিহত শিশুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/জো