মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসাছাত্র নিহত

পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। 

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রগামী ছয়লেন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আবু সাঈদ (১৭) কলাপাড়ার ধানখালী ইউনিয়নের ধানখালী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। আহত জুনায়েদ (১১) সম্পর্কে তার বেয়াই। 

নিহতের স্বজনরা জানান, আবু সাঈদ তার ভাইয়ের মোটরসাইকেলে করে বেয়াই জুনায়েদকে নিয়ে ঘুরতে বের হন। ছয়লেন সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে পাশের মাইলেজ পোস্টে আঘাত করে। 

আরও পড়ুন: লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডের এক বছরেও মেলেনি পুড়ে যাওয়া ১৬ মৃতদেহের ডিএনএ রিপোর্ট

এতে ঘটনাস্থলেই মারা যান চালক আবু সাঈদ। গুরুতর আহত জুনায়েদকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আইনি পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/এসজে